সর্বশেষ

কৃষকের কামড়ে প্রাণ গেল সাপের

Snake dies after being bitten by farmerProbashir city Popup 19 03

গ্রামাঞ্চলে সাপে কাটার ঘটনা খুব একটা বিরল নয়। ভারতে প্রতি বছর সাপের কামড়ে প্রাণ হারান ৪৬০০০ মানুষ। তবে এবার দেশটিতে অদ্ভুত এক ঘটনা ঘটেছে। এক কৃষক সাপের কামড় খেয়ে নিজেই সাপকে কামড়ে মেরে ফেলেছেন! ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে।

পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সী পুণিত নামের ওই কৃষক ৪ নভেম্বর ধানক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ একটি কালো কোবরা এসে তার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। কিন্তু আতঙ্কিত না হয়ে পুণিত উল্টো সাপটিকেই ধরে কামড়ে দেন।

পুণিত বলেন, ‘আমি ক্ষেতে কাজ করছিলাম, তখন সাপটি আমার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। খুব ব্যথা হচ্ছিল, কিন্তু আমি সাহস হারাইনি। রাগে আমি সাপটাকে ধরে তার মাথায় কামড়ে দিই।’

স্থানীয়রা জানায়, সাপটি ঘটনাস্থলেই মারা যায়, তবে পুণিত জ্ঞান হারাননি। পরে গ্রামবাসীরা দ্রুত তাকে হার্দৌই মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে অ্যান্টি-ভেনম দিয়ে চিকিৎসা করেন।

ডা. শের সিং বলেন, ‘রাতে তাকে ভর্তি করা হয়েছিল। আমরা অ্যান্টি-ভেনম দিয়েছি এবং পর্যবেক্ষণে রেখেছিলাম। তার সব রিপোর্ট স্বাভাবিক ছিল, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাপকে কামড়ানো অত্যন্ত বিপজ্জনক কাজ। যদি সামান্য বিষ মুখ বা মাড়ির ভেতর ঢুকত, সে বাঁচত না। এমন কাজ কখনোই অনুকরণ করা উচিত নয়।’

পুণিতের চাচাতো ভাই অমন কুমার বলেন, ‘প্রথমে আমরা ভেবেছিলাম, সে মজা করছে। কিন্তু পরে মাঠে গিয়ে দেখি সাপটা সত্যিই মারা পড়ে আছে। গ্রামজুড়ে এখন এই ঘটনা সবার মুখে মুখে।’

চিকিৎসকরা সতর্ক করেছেন, সাপের কামড় কোনো সাহস দেখানোর বিষয় নয়, এটি জরুরি চিকিৎসার ব্যাপার। পুণিত নিজেও বলেন, ‘আমি জানি না তখন কী ভেবেছিলাম। হয়তো রাগে বা ভয়ে করেছি। এখন বুঝি এটা খুবই বোকামি ছিল। আমি ভাগ্যবান যে বেঁচে গেছি।’

সূত্র- নিউজ ১৮

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03