উড়োজাহাজের নির্দিষ্ট স্থানে বিস্ফোরক রাখা হয়েছে এবং অবতরণ করা মাত্রই বিস্ফোরিত হবে বিমানটি। এমন বার্তা পাওয়ার পর ভারতীয় বেসরকারি উড়োজাহাজ পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান মুম্বাইয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। শনিবার (১ নভেম্বর) ঘটেছে এই ঘটনা।
ইন্ডিগো এয়ারলাইনসের বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরের দিকে সৌদি আরবের জেদ্দা থেকে ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদের উদ্দেশে রওনা হয়েছিল ইন্ডিগোর ফ্লাইটটি। মাঝ আকাশে থাকা অবস্থাতেই হুমকি আসে যে উড়োজাহাজটিতে বিস্ফোরক রেখে দেয়া হয়েছে এবং হায়দরাবাদ বিমানবন্দরে অবতরণ করা মাত্র সেটি বিস্ফোরিত হবে।
এই হুমকি পাওয়ার পরই মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় ইন্ডিগোর ফ্লাইটটি। যাত্রীদের সবাইকে নামিয়ে উড়োজাহাজটি পরীক্ষা-নিরীক্ষাও করা হয়, তবে সেটিতে বিপজ্জনক কিছু পাওয়া যায়নি।
আরও
এক বিবৃতিতে ইন্ডিগো এয়ারলাইনসের পক্ষ থেকে বলা হয়েছে, ১ নভেম্বর জেদ্দা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইট নম্বর ৬ই৬৮-এ একটি নিরাপত্তা হুমকি আসে এবং উড়োজাহাজটিকে মুম্বাই বিমানবন্দরে ঘুরিয়ে দেয়া হয়। নির্দিষ্ট প্রোটোকল মেনে আমরা তখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি এবং উড়োজাহাজটির পরবর্তী উড়ানের ছাড়পত্র দেয়ার আগে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা করা হয়।’
ইন্ডিগোর পক্ষ থেকে আরও বলা হয়েছে, বিমান যাত্রী দুর্ভোগ কমাতে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের জন্য খাবার, পানীয়ের ব্যবস্থা করা হয়। পরিস্থিতির বিষয়ে নিয়মিত অবগত করা হয়। যাত্রীদের কথা মাথায় রেখে উড়োজাহাজের নিরাপত্তা এবং সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার’, বলা হয়েছে বিবৃতিতে।
আন্তর্জাতিক বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুসারে, নির্ধারিত শিডিউল অনুযায়ী, শনিবার স্থানীয় সময় ৯ টা ১৪ মিনিটে হায়দারাবাদে অবতরণ করার কথা ছিল ইন্ডিগোর ফ্লাইটটি। কিন্তু নিরাপত্তা পরীক্ষা শেষে সেটি হায়দারাবাদ বিমানবন্দরে অবতরণ করে। কে বার কারা হুমকি দিয়েছিল, সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি ইন্ডিগো এয়ারলাইনস কর্তৃপক্ষ।












