ফ্লাইট লাইসেন্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ শর্ত ভঙ্গের অভিযোগে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার দুই পাইলটকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) একটি তদন্ত শুরু করেছে। রোববার (২ নভেম্বর) দেশটির শীর্ষ গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস এ খবর নিশ্চিত করেছে।
দীর্ঘদিন ধরেই এয়ার ইন্ডিয়ায় ফ্লাইট সূচি ও পাইলট রোস্টারিংয়ে অনিয়ম নিয়ে বিতর্ক চলছে। মাত্র পাঁচ মাস আগেই এই বিষয়ে সংস্থাটিকে সতর্ক করেছিল ডিজিসিএ। সর্বশেষ ঘটনায় দেখা গেছে, প্রয়োজনীয় ফ্লাইট লাইসেন্স ছাড়াই দুই পাইলট ফ্লাইট পরিচালনা করেছেন। এর পরিপ্রেক্ষিতে একজন সিনিয়র ক্যাপ্টেন ও একজন সহকারী পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
তদন্তে জানা গেছে, বরখাস্ত হওয়া সিনিয়র কমান্ডারের ইংরেজি ভাষা দক্ষতা (ইএলপি) সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, অথচ তিনি তবুও ফ্লাইট পরিচালনা করেন। অন্যদিকে সহকারী পাইলট তার দ্বিবার্ষিক পাইলট প্রফিশিয়েন্সি চেক (পিপিসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরও পুনঃপ্রশিক্ষণ ছাড়াই ফ্লাইটে অংশ নেন। নিয়ম অনুযায়ী, এই দুই ক্ষেত্রেই ফ্লাইট পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি শনাক্ত হওয়ার পরই দুই পাইলটসহ সংশ্লিষ্ট ক্রু শিডিউলারকে রোস্টার থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ঘটনাটি ডিজিসিএকে জানানো হয়েছে।
আরও
ডিজিসিএ কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি গুরুতর নিরাপত্তা লঙ্ঘন এবং এ বিষয়ে বিস্তারিত তদন্ত ও রিপোর্ট চাওয়া হয়েছে। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সংশ্লিষ্ট পাইলটদের লাইসেন্স স্থগিত বা বাতিল করা হতে পারে।
এর আগে গত ১২ জুন আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার রোস্টার ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের প্রমাণ পায় ডিজিসিএ। সেই সময়ও তিনজন সিনিয়র কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সংস্থাটি আবারও সতর্ক করেছে—পাইলটদের লাইসেন্স, বিশ্রাম সময় বা ফ্লাইট-সংক্রান্ত নিয়ম ভঙ্গের ক্ষেত্রে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে।












