ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। প্রায় ছয় ঘণ্টা রাস্তার ধারে কাদায় মুখ থুবড়ে পড়ে ছিলেন এক ব্যক্তি। স্থানীয়রা ধরে নিয়েছিলেন তিনি মারা গেছেন। পুলিশে খবর দেওয়া হয়, এমনকি লাশবাহী গাড়িও ডেকে আনা হয়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মৃত ভেবে ফেলা মানুষটি হঠাৎ নড়ে ওঠেন এবং দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে বলেন, “সাহেব, আমি বেঁচে আছি।”

ঘটনাটি ঘটে খুরাই গ্রামীণ থানা এলাকায়, ধনোরা ও ব্যাংখিরিয়া গ্রামের মাঝের সড়কে। দুপুর থেকে কাদায় অচল অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। খবর পেয়ে পুলিশ পরিদর্শক হুকুম সিং সঙ্গী দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ তোলার প্রস্তুতি নেন। এ সময় চারপাশে বিপুল ভিড় জমে যায়।
আরও
সবাই যখন লাশ তোলার অপেক্ষায়, তখনই ঘটল অঘটন। হঠাৎ মৃত ভেবে রাখা ব্যক্তির শরীর নড়তে শুরু করে। তিনি দাঁড়িয়ে উঠে ঘোষণা দেন, তিনি জীবিত। এতে উপস্থিত গ্রামবাসী ও পুলিশ হতবাক হয়ে যান। কেউ বিশ্বাস করতে পারছিলেন না চোখের সামনে যা ঘটছে। অনেকে আতঙ্কে কয়েক কদম সরে যান।
পরে ওই ব্যক্তি জানান, তিনি নেশাগ্রস্ত ছিলেন। মোটরসাইকেল চালানোর সময় প্রস্রাবের জন্য থেমে বসেন এবং হঠাৎ ভারসাম্য হারিয়ে কাদায় পড়ে যান। অতিরিক্ত মদ্যপানের কারণে ঘণ্টার পর ঘণ্টা উঠতে পারেননি। তার মোটরসাইকেলও পাশে দাঁড় করানো অবস্থায় পাওয়া যায়।
ঘটনার পর পুলিশ নিরাপদে তাকে বাড়ি পৌঁছে দেয়। তবে মৃত ভেবে ফেলা মানুষটির এভাবে ‘পুনর্জীবন’ পাওয়া এখন পুরো এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। গ্রামবাসীরা মজা করে এ ঘটনার নাম দিয়েছেন—“দ্য রিটার্ন অব দ্য ডেড।”












