সর্বশেষ

মন্দির থেকে শিবলিঙ্গ চুরি, হিন্দু যুবক গ্রেপ্তার

মন্দির থেকে শিবলিঙ্গ চুরি, হিন্দু যুবক গ্রেপ্তারProbashir city Popup 19 03

ময়মনসিংহ নগরের কোতোয়ালি থানাসংলগ্ন ভাঙামঠ শিবমন্দির থেকে চুরি হওয়া শিবলিঙ্গটি উদ্ধার করা হয়েছে। রোববার মধ্যরাতে টাঙ্গাইল সদরের দাইন্যা এলাকায় অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করে পুলিশ। এ সময় শিবলিঙ্গ চুরির সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম প্রশান্ত কর্মকার (৩৩)। তাঁর বাড়ি টাঙ্গাইল সদরের দাইন্যা এলাকায়। এ ঘটনায় আজ সোমবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা চত্বরে সংবাদ সম্মেলনে করে ঘটনার বিস্তারিত জানায় পুলিশ।

পুলিশের ভাষ্য, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে রিকশাচালককে শনাক্ত করা হয়। রিকশাচালক শিবলিঙ্গ নিয়ে যাওয়া ওই যুবককে নগরের টাঙ্গাইল বাসস্ট্যান্ডে নিয়ে যান। যে বাসে করে ওই যুবক টাঙ্গাইলে যান, সেই বাসের চালকের সহকারীর (হেলপার) সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, টাঙ্গাইল শহরের বাসস্ট্যান্ড এলাকার ফিলিং স্টেশনের সামনে শিবলিঙ্গ নিয়ে যান ওই যুবক। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় সন্দেহভাজন যুবককে শনাক্ত করা হয়। পরে যুবকের বাড়িতে অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় যুবককে।

সংবাদ সম্মেলনে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, এ ঘটনার সঙ্গে আরও কোনো চক্র জড়িত আছে কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। উদ্ধার হওয়া কষ্টিপাথরের শিবলিঙ্গটি প্রায় কোটি টাকা মূল্যের বলে ধারণা করা হচ্ছে।

বেলা সাড়ে তিনটার দিকে নগরের কোতোয়ালি থানাসংলগ্ন ভাঙামঠ শিবমন্দির থেকে শিবলিঙ্গটি চুরি হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে শিবলিঙ্গটি মন্দির থেকে কাঁধে করে নিয়ে রিকশায় চড়ে এক যুবককে পালিয়ে যেতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবলিঙ্গ চুরির সময় মন্দিরে কেউ ছিলেন না। মন্দিরটিতে শতবর্ষের পুরোনো দুটি শিবলিঙ্গ ছিল। এর মধ্যে একটি বড় ও একটি ছোট। ছোট শিবলিঙ্গটি চুরি হয়েছে।

মন্দিরটির পুরোহিত দুলাল ভট্টাচার্য বলেন, দিনের পূজা শেষে গতকাল দুপুর ১২টার দিকে তিনি বাসায় চলে যান। বেলা ২টার দিকে এসে দেখেন, মন্দিরের সব ঠিকঠাক আছে। কিন্তু বিকেল ৪টার পর মন্দিরে এসে দেখেন, ছোট শিবলিঙ্গটি নেই। পরে আশপাশের দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা যায়, লাল গেঞ্জি ও জিনস প্যান্ট পরা এক যুবক কাঁধে শিবলিঙ্গ নিয়ে মন্দির থেকে বের হয়ে রিকশায় চড়ে চলে যান। তাঁর এক হাতে লাল রঙের শপিং ব্যাগ ছিল। পায়ে জুতা ছিল না।

এ ঘটনায় গতকাল সন্ধ্যার পর ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মন্দিরের পুরোহিত দুলাল ভট্টাচার্য বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। সেই মামলায় ওই যুবককে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা অসীম কুমার দাস বলেন, শিবলিঙ্গটি মর্যাদার সঙ্গে নিয়ে নিজ বাড়িতে স্থাপন করে পূজা শুরু করেছিলেন ওই যুবক। এমন অবস্থায় শিবলিঙ্গটি উদ্ধার করা হয় এবং যুবককে গ্রেপ্তার করা হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03