বরগুনার তালতলীতে এক প্রবাসী নারীর উত্তোলন করা ২৬ হাজার টাকা ব্যাংকের ভেতর থেকেই ছিনতাই হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে তালতলী থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সালমা আক্তার।
এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে তালতলী অগ্রণী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সালমা আক্তার উপজেলার ফকিরহাট এলাকার বাছির পহলানের স্ত্রী ও সৌদি প্রবাসী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শহরের তালতলী অগ্রণী ব্যাংক শাখা থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করেন সালমা আক্তার। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তার টাকাগুলো খুচরা করার কথা বলে। এতে তিনি রাজি হননি। পরে জোরপূর্বক হাত থেকে টাকা নিয়ে যান। এ সময় কোনো কিছু বুঝে উঠার আগেই ৫০ হাজার টাকা থেকে ২৬ হাজার টাকা নিয়ে সটকে পড়েন।
এ বিষয়ে ভুক্তভোগী সালমা আক্তার বলেন, আমি যখন টাকা উত্তোলন করলাম, তখনই ওই ব্যক্তি খুচরা করার কথা বলে। এতে আমি রাজি হইনি। পরে আমার হাত থেকে জোরপূর্বক টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষকে জানালে তারা কোনো পদক্ষেপ নেয়নি।
আরও
এ বিষয়ে অগ্রণী ব্যাংকের তালতলী শাখার ম্যানেজার মো. আল-আমিন বলেন, সালমা আক্তার ব্যাংকে ৫০ হাজার টাকার চেক নিয়ে এসেছেন। ব্যাংক তাকে যথাযথ নিয়ম অনুসরণ করে টাকা পরিশোধ করেছে। পরে টাকা নিয়ে তিনি বাইরে চলে গেছেন। এ ঘটনার সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই।
ব্যাংকে সিসি ক্যামেরা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের সিসি ক্যামেরা নষ্ট রয়েছে।
তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।











