নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম খান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।
পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে বিদেশে যাওয়ার চেষ্টার সময় ঢাকা শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ সাবেক এই মেয়রকে আটক করে।
ঢাকা থেকে তাকে নেত্রকোনায় এনে নেত্রকোনা জেলা পুলিশে হস্তান্তর করা হবে। হস্তান্তরের পর নেত্রকোনা মডেল থানায় বিস্ফোরক আইনে দায়ের করা তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
আরও
সাবেক মেয়র নজরুল ইসলাম খান শহরের চকপাড়া এলাকার বাসিন্দা। তিনি উকিলপাড়া এলাকার বাসায় বসবাস করেন। তিনি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রয়াত আব্বাস আলী খানের ছেলে। নজরুল ইসলাম খান নেত্রকোনা পৌরসভায় তিনবার মেয়র নির্বাচিত হন। তার বাবা আব্বাস আলী খানও নেত্রকোনা পৌরসভার চেয়ারম্যান ছিলেন।












