সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দেশ ছাড়েননি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেশ কয়েকটি গণমাধ্যমে তার দেশ ছাড়ার ব্যাপারে খবর প্রকাশিত হয়। পরে রাতে তিনি নিজেই দেশ না ছাড়ার কথা নিশ্চিত করেন।
ওবায়দুল হাসান বলেন, আমি ঢাকায় আছি, দেশ ছেড়ে যাইনি। কোনো কোনো গণমাধ্যম আমি দেশ ছেড়েছি বলে যে খবর দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমার লাল পাসপোর্ট অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে। তাই আমার দেশ ছাড়ার প্রশ্নই আসে না।
গত ১০ আগস্ট শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং ও আপিল বিভাগের ৫ বিচারপতি পদত্যাগ করেন।
আরও
ওই দিন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ফেসবুক লাইভে বলেন, প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসেছে। এটি যথাযথ পদক্ষেপের জন্য দ্রুত রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি ওবায়দুল হাসান।













