নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় মো. সৈয়দ ইসলাম (৫০) নামের এক মুয়াজ্জিনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে মর্মান্তিক এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই মুয়াজ্জিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার ভোরে মসজিদে ফজরের আজান দিচ্ছিলেন মুয়াজ্জিন সৈয়দ ইসলাম। আজানের মাঝপথে হঠাৎ মাইকে শব্দ বন্ধ হয়ে গেলে আশপাশের মুসল্লিদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে তাঁরা দ্রুত মসজিদে গিয়ে দেখেন, মুয়াজ্জিন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। কে বা কারা তাঁর পেটে ধারালো ছুরি দিয়ে মারাত্মক আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত মুয়াজ্জিন একই এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।
ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই ভুক্তভোগীর ভাইসহ স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











