Long Popup (2)
সর্বশেষ

হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়ে ফেসবুক লাইভে ডাকাতি মামলার আসামি

DownloadCity

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের কাছ থেকে ডাকাতি মামলার এক আসামিকে তাঁর স্বজন ও স্থানীয় লোকজন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে মো. আসির মিয়া (৩২) নামের ওই আসামি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে হাতকড়া পরা অবস্থায় একটি ভিডিও প্রচার করেন।

গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী গ্রামের কাছে দামোধরতপী পয়েন্টে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর রাত ১০টার দিকে তিনি ফেসবুক লাইভে আসেন। অভিযুক্ত আসির মিয়া দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দামোধরতপী গ্রামের বাসিন্দা মো. জিয়াউল হক বেগ সম্প্রতি আসির মিয়া এবং তাঁর দুই ভাই নাছির মিয়া ও বাচ্ছু মিয়ার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে বুধবার রাতে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরতপী পয়েন্টে অভিযান চালিয়ে আসির মিয়াকে গ্রেপ্তার করে। তাঁকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় সেখানে হঠাৎ হট্টগোল শুরু হয়। একপর্যায়ে আসিরের স্বজন ও স্থানীয় লোকজন পুলিশের ওপর চড়াও হয়ে তাঁকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।

এদিকে, রাত ১০টার দিকে ফেসবুক লাইভে এসে আসির মিয়া তাঁর হাতের হাতকড়া দেখিয়ে দাবি করেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাঁর ওপর হামলা চালিয়ে হাতকড়া পরান। তিনি পুলিশের কাছে গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চাইলেও তাঁরা তা দেখাতে পারেননি।

তবে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলী উল্লাহ হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর স্থানীয় কিছু নারী বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন, সেই সুযোগে আসামি পালিয়ে যায়। তবে সে হাতকড়া নিয়ে পালিয়েছে, এই তথ্য সঠিক নয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের সাঁড়াশি অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে। তবে এখনো তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate