মাগুরায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে মো. ইমরান হোসেন নামের এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়ন এই কাণ্ড ঘটান। শুক্রবার বিকেলের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
শনিবার মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর শুক্রবার রাতে পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ স্থানীয় নেতারা সদর থানায় উপস্থিত হন। তাঁরা বিষয়টিকে ‘ভুল-বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করে অভিযুক্ত নয়নকে দিয়ে পুলিশ সদস্য ইমরানের কাছে ক্ষমা চাওয়ানোর মাধ্যমে ঘটনার আপস-মীমাংসা করেন। তবে এমন সমাধানের পরও বাহিনীর সাধারণ সদস্যদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
প্রকাশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে লাঞ্ছিতের এই ঘটনা স্থানীয় পর্যায়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, অভিযুক্ত নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে এর আগেও মাদক, অবৈধ অস্ত্র রাখা ও মাইক্রোবাস ছিনতাইয়ের মতো গুরুতর অভিযোগে একাধিক মামলা রয়েছে।









