সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের ডেগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে লেখা একটি চিঠি পাওয়া গেছে। আজ শনিবার সকালে মাজার প্রাঙ্গণে তিনটি ডেগ ও তিনটি বড় দানবাক্স খোলার পর টাকা গণনার সময় চিঠিটি উদ্ধার করা হয়। চিঠিতে শেখ হাসিনাকে ‘মৃত্যুর মুখ’ থেকে রক্ষা এবং তাঁর হায়াত বাড়ানোর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়েছে। পাশাপাশি জুলাইয়ের ‘ষড়যন্ত্রমূলক মামলা’ থেকে তাঁকে এবং ‘মিথ্যা হত্যা মামলা’ থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হেফাজতের আবেদন জানানো হয়েছে।
চিঠিটির লেখক হিসেবে ‘সজীব’ নামের এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। চিঠিতে তিনি নিজেকে গাজীপুর জেলার বাসিন্দা এবং সিলেট আওয়ামী লীগের সমর্থক হিসেবে উল্লেখ করেছেন। শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে তিনি চিঠিতে লেখেন, ‘হে আল্লাহ তুমি মহান! আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমাদের হায়াত কমিয়ে নেত্রীর হায়াত বাড়িয়ে দেন।’ এরপর ‘প্রত্যাবর্তন-২’ শিরোনামে ‘শেখ হাসিনা ডিসেম্বর-২০২৬’ উল্লেখ করা হয়েছে। আজ সকাল ১০টায় প্রশাসন ও সাধারণ মানুষের উপস্থিতিতে ৩০ জন স্বেচ্ছাসেবী এই দানবাক্স ও ডেগের টাকা গণনায় অংশ নেন।
ডেগ ও দানবাক্সে বিপুল পরিমাণ টাকার পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক নানা বিষয় নিয়ে লেখা আরও কয়েকটি চিঠি পাওয়া গেছে। এর মধ্যে ‘হেনা’ নামের এক নারীর লেখা একটি চিঠিও বেশ নজর কেড়েছে। চিঠিতে তিনি তাঁর স্বামীকে বিপথ থেকে ফিরিয়ে আনতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন। একই সঙ্গে যাঁরা তাঁর স্বামীকে বিপথে নিয়েছেন, তাঁদের বিচার এবং পৃথিবী থেকে মাদকদ্রব্য নিশ্চিহ্ন করার জন্যও প্রার্থনা করেন ওই নারী। মাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দানবাক্সে বিপুল পরিমাণ টাকা থাকায় তা গণনা শেষ হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে।











