ঘরে ঘরে পাসপোর্ট পৌঁছে দেওয়ার হোম ডেলিভারি উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের ইমিগ্রেশন ও ভিসা ব্যবস্থায় গতি আনতে প্রচলিত স্টিকার ভিসার পরিবর্তে সর্বাধুনিক প্রযুক্তির ‘অনলাইন ভিসা সিস্টেম’ চালুর পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। পাসপোর্ট হোম ডেলিভারি চালুর লক্ষ্যে ইতোমধ্যে প্রশাসনিক অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।
গণমাধ্যমের খবর, এই পরিকল্পনা বাস্তবায়নে মোট ৮ লাখ ৭০ হাজার ইউরো বা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দের প্রয়োজন ধরা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৪ কোটি ১৩ লাখ এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে বাকি ৮ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দের প্রয়োজন হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি এখন নীতিগতভাবে ইতিবাচক বিবেচনায় রয়েছে। তবে চূড়ান্ত বাস্তবায়নের আগে প্রশাসনিক অনুমোদন, বাজেট বরাদ্দ, নিরাপদ বিতরণ ব্যবস্থা এবং প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা হবে।
পাসপোর্ট একটি অত্যন্ত সংবেদনশীল রাষ্ট্রীয় নথি হওয়ায় এটি যেন কোনোভাবেই ভুল ব্যক্তির হাতে না যায়, তা নিশ্চিত করতে ডেলিভারির ক্ষেত্রে আবেদনকারীর সঠিক পরিচয় যাচাই, নিরাপদ হস্তান্তর এবং প্রতিটি ধাপে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা রাখার ওপর জোর দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক ও আইন বিশেষজ্ঞরা। অন্যদিকে, আধুনিক অনলাইন ভিসা ব্যবস্থার পাইলটিং কার্যক্রম সফল হলে বিদেশি বিনিয়োগকারী ও ভ্রমণকারীরা সহজেই কাঙ্ক্ষিত সেবা পাবেন, যা দেশের আর্থসামাজিক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।









