পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত রাশিয়ার দুই নাগরিকের মধ্যে মদ্যপ অবস্থায় মারামারির ঘটনায় কুদরিন সার্গেই (৫৬) নামের এক রুশ নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক রাশিয়ান নাগরিক, যাঁর পরিচয় এখনো জানা যায়নি।
আজ সোমবার সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশিদের আবাসিক এলাকা রূপপুর গ্রিন সিটির ৬ নম্বর ভবনের ৫ তলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কুদরিন সার্গেই রূপপুর প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমে আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মদ্যপানের পর তুচ্ছ কোনো বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে উভয়েই একে অপরকে আঘাত করলে তাঁরা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কুদরিন সার্গেইকে পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আরও
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে এবং পুরো বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে।








