Long Popup (2)
সর্বশেষ

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

Image 313364ProbashircityWebPopupUpdate

‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে নরসিংদীর শিবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, কার্ড পাওয়ার শর্ত হিসেবে ওই নেতা তাঁকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করতে বলেন। গতকাল সোমবার (২৭ জুলাই) ওই নারীর অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, ওই নেতার অনৈতিক প্রস্তাবে এর আগেও তিনি সাড়া দেননি। আর সেই ক্ষোভ থেকে তাঁকে সরকার ঘোষিত গরিব ও অসহায় মানুষদের জন্য বরাদ্দকৃত বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সুযোগ-সুবিধা থেকে ইচ্ছেকৃতভাবে বঞ্চিত করা হয়েছে। সম্প্রতি এ ঘটনার বর্ণনা দিয়ে তাঁর ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিষয়টির সত্যতা নিয়ে স্থানীয়দের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়।

তবে অভিযুক্ত বিএনপি নেতা আশরাফ উদ্দিন এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, নিজ দলেরই কিছু লোকের প্ররোচনায় রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে এই পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রায় পাঁচ মাস আগে আমার পা ভেঙে যায়। এখনো আমি পুরোপুরি সুস্থ নই। এমন অবস্থায় রাত ১২টার সময় পুকুরপাড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।’ তাঁর দাবি, অভিযোগকারী নারী মূলত মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা। গত ঈদের সময় ওই নারী তাঁর কাছে কাপড় ও চালের স্লিপ চেয়েছিলেন, যা তিনি দিতে পারেননি। এরপর থেকেই ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।

এ বিষয়ে শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাঁর নজরে এসেছে এবং অভিযুক্ত আশরাফ উদ্দিনও তাঁর সঙ্গে যোগাযোগ করে অভিযোগ অস্বীকার করেছেন। জাকির হোসেন বলেন, দল বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সুষ্ঠু তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ওই নেতার বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনায় মিথ্যা অভিযোগ করা হয়ে থাকলে, সে ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে স্থানীয় ব্যক্তিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate