ওমানে কর্মস্থলে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছিলেন চট্টগ্রামের বোয়ালখালীর মোহাম্মদ ইদ্রিছ। কিন্তু শেষ রক্ষা আর হলো না। দেশে ফেরার পরদিনই গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই রেমিট্যান্সযোদ্ধা।

জানা যায়, গত ৫ এপ্রিল মাস্কাটের মাবেলায় নিজ কর্মস্থলের গ্যারেজে কাজ করার সময় মারাত্মক আহত হন ইদ্রিছ। এরপর সুলতান কাবুস হাসপাতালে কিছুদিন চিকিৎসা নেন। অভিযোগ আছে, স্পন্সর তার কোনো খোঁজ নেননি, টানা চার মাসের বেতনও দেওয়া হয় নি। বাধ্য হয়ে সহযোগিতার আশায় তিনি বাংলাদেশ দূতাবাসের দ্বারস্থ হন। অবশেষে দূতাবাসের সহযোগিতায় বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি। এর পরদিনই তার মৃত্যু হয়।
আরও
এ বিষয়ে ওমান দূতাবাসের শ্রম কাউন্সেলর রাফিউল ইসলাম প্রবাস টাইমকে জানান, ইদ্রিছের পক্ষ থেকে যোগাযোগ করা হলে দূতাবাস তার দেশে ফেরার টিকিটের ব্যবস্থা করে দেয়। নিহত এই প্রবাসীর ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।










