ইসলাম ধর্ম গ্রহণের পর চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের এক ছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম আয়েশা সিদ্দিকা জারা (২০)। আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও গত এক সপ্তাহে তাঁকে উদ্ধারে পুলিশের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ওই শিক্ষার্থীর সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা।
জানা গেছে, নিখোঁজ জারা মহসিন কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। ইসলাম ধর্ম গ্রহণের আগে তাঁর নাম ছিল তন্নী দে বিপন্না। মামলার তথ্য অনুযায়ী, প্রায় এক বছর ধরে ইসলামের প্রতি আকৃষ্ট থাকার পর গত ১ মার্চ আদালতের মাধ্যমে হলফনামা দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হন। এই খবর জানার পর তাঁর পরিবার ক্ষুব্ধ হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, গত ৯ মার্চ জারাকে তাঁর বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে পরিবারের জিম্মায় রাখা হয়। প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তাঁর স্বাধীনতায় এমন হস্তক্ষেপের অভিযোগ উঠেছে।

আরও
নিখোঁজ হওয়ার ঠিক আগের দিন জারা তাঁর সহপাঠী ও সিনিয়রদের কাছে অভিযোগ করেছিলেন যে, তিনি পরিবারে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। এমনকি তাঁকে হত্যা করা হতে পারে কিংবা ভারতে পাচার করে দেওয়া হতে পারে বলেও তিনি গভীর আশঙ্কা প্রকাশ করেন। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় তিনি দ্রুত উদ্ধারের আকুতি জানান। ওই বার্তার পর থেকেই তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
এই ঘটনায় পুলিশের কাছে গিয়ে কোনো কার্যকর সহায়তা না পেয়ে আদালতের দ্বারস্থ হন শিক্ষার্থীরা। দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. শহীদুল ইসলাম বাদী হয়ে জারার বাবা সঞ্জিত কুমার দে এবং মা তপশী দে-র বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৬ এপ্রিল আদালত সংশ্লিষ্ট থানাকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে জারাকে উদ্ধার এবং আজ ১৬ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময় ঘনিয়ে এলেও দৃশ্যমান কোনো উদ্ধার অভিযান দেখা যায়নি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তবে বাদীপক্ষের দাবি, পরিবারের সদস্যদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলেই এই নিখোঁজ রহস্যের দ্রুত জট খুলবে। এদিকে, অবিলম্বে জারাকে জীবিত ও নিরাপদে উদ্ধার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থীরা।










