ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাত্র ১০ টাকার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচিকে কুপিয়ে হত্যার এক রোমহর্ষক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন আয়েশা খাতুন (৪০)। ঘাতক তৌহিদ হোসেন নিহতের আপন দেবর লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ১০ টাকা নিয়ে পরিবারের দুই শিশুর মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়াটি একপর্যায়ে পরিবারের বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে। কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে ভাতিজা তৌহিদ তার হাতে থাকা ধারালো অস্ত্র (ডেগার) দিয়ে চাচি আয়েশা খাতুনকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফুলবাড়ীয়া থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত তৌহিদ হোসেনকে গ্রেপ্তার করে। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।











