গাজীপুরের কাপাসিয়া উপজেলার এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া এই নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। সফলভাবে অস্ত্রোপচার শেষে মা ও পাঁচ শিশু বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
প্রসূতি মাসুমা সুলতানার (৩০) বাড়ি কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দিঘাব গ্রামে। তাঁর স্বামী কাজল মিয়া একসময় সৌদিপ্রবাসী ছিলেন। গত সপ্তাহে মাসুমা অসুস্থ বোধ করলে তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভর্তি করা হয়। সেখানে প্রখ্যাত চিকিৎসক ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর আগে এই দম্পতির ৯ বছর বয়সী আরেকটি কন্যাসন্তান রয়েছে।
অস্ত্রোপচারের পর মা ও শিশুদের ঢাকা থেকে কাপাসিয়ার রায়েদ মগারটেক এলাকায় মডিউল কমিউনিটি হাসপাতালে এনে চিকিৎসাসেবা দেওয়া হয়। একসঙ্গে পাঁচ সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে একনজর দেখার জন্য ওই হাসপাতালে উৎসুক মানুষের ভিড় জমে যায়। মডিউল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, এমন ঘটনা অত্যন্ত বিরল। তবে প্রয়োজনীয় নিবিড় চিকিৎসাসেবা শেষে সম্পূর্ণ সুস্থ অবস্থায় গতকাল শুক্রবার রাতে নবজাতকদের আনন্দঘন পরিবেশে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
আরও
একসঙ্গে পাঁচ সন্তান পেয়ে বাবা কাজল মিয়া ভীষণ খুশি হলেও পরিবারের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। বর্তমানে তিনি কৃষিকাজের ওপর নির্ভরশীল। আর্থিকভাবে সচ্ছল না হওয়ায় সন্তানদের লালনপালন করা তাঁর জন্য বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারপরও সৃষ্টিকর্তার কাছে লাখো শুকরিয়া আদায় করে স্ত্রী ও নবজাতকদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।











