সংযুক্ত আরব আমিরাতে ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত বাংলাদেশি নাগরিক শাহ আলমের মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে-০৫৮২) তাঁর মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় সব আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষের পর বিশেষ ব্যবস্থাপনায় শাহ আলমের মরদেহ দেশে পাঠানো হয়েছে। তাঁর এই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দূতাবাস কর্তৃপক্ষ। এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
গত ১ এপ্রিল স্থানীয় সময় ভোর আনুমানিক ছয়টার দিকে সংযুক্ত আরব আমিরাতের আকাশে ইরান থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। এ সময় আকাশ থেকে খসে পড়া সেই ক্ষেপণাস্ত্রের ভারী ধ্বংসাবশেষ নিচে থাকা শাহ আলমের ওপর পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।





![]](https://probashtime.net/wp-content/uploads/2026/04/unnamed-file-1.webp)



