সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে সাদ্দাম হোসেন নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। স্বজনদের দাবি, গত বুধবার বন্ধুদের সঙ্গে ভারতে অনুপ্রবেশের পর তাঁকে গুলি করে হত্যা করা হয় এবং গত কয়েক দিন ধরে সীমান্তের ওপারেই তাঁর মরদেহ পড়ে আছে। আজ রোববার বিকেল পর্যন্ত ওই যুবকের মরদেহ উদ্ধারের কোনো খবর নিশ্চিত হওয়া যায়নি।
নিহত সাদ্দাম হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের বাসিন্দা কুটু মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও সাদ্দামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার আরও তিনজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন সাদ্দাম। এরপর তিনি আর ফিরে আসেননি। তাঁর সঙ্গে যাওয়া তিনজনের মধ্যে একজন গুলিবিদ্ধ অবস্থায় দেশে ফিরেছেন। শুক্রবার রাতে সাদ্দামের বন্ধু আবু বক্কর নামের এক সঙ্গী তাঁর পরিবারকে মৃত্যুর খবরটি জানান।
নিহত সাদ্দামের বড় ভাই নিজাম উদ্দিন জানান, বুধবার সাদ্দাম বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের মুঠোফোনটি সঙ্গে নেননি। প্রথমে তাঁরা ভেবেছিলেন, সাদ্দাম হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে গেছেন। পরে তাঁরা জানতে পারেন, অন্যদের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতে গেছেন তিনি। নিজাম উদ্দিনের দাবি, তাঁর ভাইয়ের কোমর ও পায়ে গুলি করা হয়েছে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। নিখোঁজের বিষয়টি জানিয়ে শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে সাদ্দামের পরিবার। তবে পুলিশের পক্ষ থেকে তাঁদের স্থানীয় বিজিবি ক্যাম্পে বিষয়টি জানাতে বলা হয়েছে।
আরও
এ বিষয়ে আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সীমান্তের ওপারে ওই যুবকের মরদেহ পড়ে থাকার বিষয়টি তাঁরা জেনেছেন। যেহেতু এটি সীমান্তসংক্রান্ত বিষয়, তাই মরদেহ দেশে আনা হলে পুলিশের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে সিলেট বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে ঘটনাটি জানার পর বিজিবি বিষয়টি খতিয়ে দেখছে। বিএসএফের কাছে তাদের সীমান্ত এলাকায় কোনো মরদেহ পড়ে আছে কি না, তা জানতে চাওয়া হয়েছে। তবে বিএসএফ এখন পর্যন্ত এমন কোনো তথ্য নিশ্চিত করেনি। তিনি আরও জানান, বিজিবির পক্ষ থেকে ওই সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করতে সতর্ক করা হচ্ছে।










