অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারিকে। ইহুদিবিদ্বেষী ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগে দেশটিতে পৌঁছানোর পরপরই তাঁর ভিসা বাতিল করা হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় রয়েছেন।
‘লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক এক বক্তৃতামালায় অংশ নিতে গত সোমবার অস্ট্রেলিয়া পৌঁছান মিজানুর রহমান আজহারী। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় তাঁর বক্তৃতা দেওয়ার কথা ছিল। ব্রিসবেনে তাঁর প্রথম অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হলেও বিপত্তি ঘটে এর পরপরই।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, আজহারী তাঁর এক বক্তব্যে অ্যাডলফ হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেন। এ ছাড়া তিনি ইহুদিদের নিয়ে একাধিক বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এমনকি বিশ্বে এইডসসহ বিভিন্ন সমস্যার জন্য ইহুদিদের দায়ী করে তিনি দাবি করেন যে, এই রোগটি তারাই আবিষ্কার করেছে।
আরও
এমতাবস্থায়, উসকানিমূলক বক্তব্যের অভিযোগে গতকাল মঙ্গলবার আজহারীর ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া সরকার। আজ বুধবার সকালে অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, আজহারীর সফরের বিষয়ে আগেই উদ্বেগ জানানো হয়েছিল। বাংলাদেশভিত্তিক অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজসহ বিভিন্ন সংগঠন সংসদ সদস্যদের এ বিষয়ে সতর্ক করেছিল।
এমতাবস্থায়, ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় আজহারীর পূর্বনির্ধারিত কর্মসূচিগুলো বাতিল করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।











