চট্টগ্রামের হাটহাজারী-অক্সিজেন মহাসড়কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় হাফেজ মোহাম্মদ সাকিব (২৪) নামের এক ওমানপ্রবাসী তরুণ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাটসংলগ্ন জামতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের রফিকুল আলমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র ১০ দিন আগে দাদির মৃত্যুর খবর পেয়ে শোকাহত অবস্থায় ওমান থেকে দেশে ফিরেছিলেন সাকিব। কিন্তু সেই শোক কাটিয়ে ওঠার আগেই অপ্রত্যাশিত এই দুর্ঘটনায় তাঁর নিজের প্রাণও অকালে ঝরে গেল। দাদির মৃত্যুর শোকের মধ্যেই তরতাজা এই তরুণের এমন মৃত্যুতে পুরো পরিবার ও এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বৃহস্পতিবার সকালে সাকিব তাঁর মামাতো ভাই ইমরুল কায়েসের সঙ্গে মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথে জামতল এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের মোটরসাইকেলটি উল্টে যায়। এ সময় সাকিব ছিটকে সড়কের ওপর পড়ে গেলে পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও
এ দুর্ঘটনার বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।









