ফেসবুকে সুন্দরী নারীর ছবি ব্যবহার করে ভুয়া আইডি খোলা এবং নারী কণ্ঠে কথা বলে প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতে রাজশাহীর বাঘা উপজেলার খায়েরহাট গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া যুবকেরা দীর্ঘদিন ধরেই ফেসবুকে ভুয়া আইডি খুলে অভিনব কায়দায় এই প্রতারণা ও হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ছিলেন।
গ্রেপ্তার হওয়া ওই তিন যুবক হলেন বাঘা উপজেলার খায়েরহাট গ্রামের মজিবর রহমানের ছেলে শুভ আলী (২০), আবদুল মালেকের ছেলে সারুফ ইসলাম (২১) এবং একই গ্রামের আবদুল খালেকের ছেলে রাঙ্গা ইসলাম (২২)। পুলিশ জানায়, এই চক্রটি মূলত প্রবাসী বাংলাদেশিদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁদ পাতত। এরপর সুকৌশলে নারী পরিচয়ে কথা বলে প্রবাসীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলত এবং একপর্যায়ে নানা অজুহাতে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত একটার দিকে খায়েরহাট গ্রামের রাঙ্গা ইসলামের বাড়িতে অভিযান চালায় বাঘা থানা-পুলিশ। অভিযানের সময় ওই তিন যুবক মাদক সেবনরত অবস্থায় ছিলেন এবং মুঠোফোনের বিভিন্ন অ্যাপ ব্যবহার করে প্রবাসীদের সঙ্গে প্রতারণা চালাচ্ছিলেন। এ সময় তাঁদের হাতেনাতে ধরার পাশাপাশি হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত ছয়টি মুঠোফোন এবং পাঁচ বড়ি ইয়াবা উদ্ধার করা হয়।
আরও
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, গ্রেপ্তার করার পর থানায় নিয়ে এলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন যুবক নিজেদের অপরাধের কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে হ্যাকিং, ডিজিটাল জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গতকাল রোববার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।











