ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম সোনার অলংকার ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীসহ রাসেল আহমেদ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শনিবার (১৪ মার্চ) সকালে এক কোটি টাকার বেশি মূল্যের এসব অবৈধ মালামালসহ তাঁকে আটক করা হয়।
আজ সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১-এর বাইরের রাস্তায় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন রাসেল আহমেদ। এ সময় এপিবিএনের সদস্যরা তাঁকে আটক করে নিজেদের কার্যালয়ে নিয়ে যান। সেখানে তল্লাশি চালিয়ে তাঁর কাঁধে থাকা ব্যাগ থেকে ৪৯৮ দশমিক ৩ গ্রাম সোনার অলংকার, ৬টি মুঠোফোন ও ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ২১ ও ২২ ক্যারেটের এসব সোনা এবং ইলেকট্রনিক সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬ লাখ ৪১ হাজার ৯১০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার রাসেল আহমেদ দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সোনা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত এবং তিনি মূলত এসব চোরাই পণ্যের ‘রিসিভার’ বা গ্রহণকারী হিসেবে কাজ করে আসছিলেন। বিভিন্ন দেশ থেকে আসা অজ্ঞাতপরিচয় যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব সোনা ও মালামাল বাংলাদেশে আনা হয়েছিল। এ ঘটনায় আজ বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর অধীনে তাঁর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
আরও
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধসহ অন্যান্য অপরাধ দমনে এপিবিএন সব সময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সোনা ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে তাঁরা বদ্ধপরিকর উল্লেখ করে তিনি আরও বলেন, বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান ঠেকাতে তাঁদের এই নজরদারি ও আইনি কার্যক্রম বরাবরের মতোই অব্যাহত থাকবে।











