পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ২১ মাস বয়সী শিশুসন্তানকে রেখে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার (৯ মার্চ) ওই শিশুর নানি মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। স্বামীর এই অনুপস্থিতির সুযোগে স্থানীয় আরাফাত নামের এক যুবকের সঙ্গে মুঠোফোনে তাঁর পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ২৭ ফেব্রুয়ারি রাতে নিজের ২১ মাসের শিশুসন্তানকে ফেলেই ওই যুবকের হাত ধরে বাড়ি ছাড়েন প্রবাসীর স্ত্রী। অভিযুক্ত যুবক আরাফাত উপজেলার বেতমোর ইউনিয়নের ঘোপখালী গ্রামের দুলাল আকনের ছেলে।
বর্তমানে মাতৃস্নেহবঞ্চিত শিশুটি তার নানির কাছেই রয়েছে। এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।










