মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও ভিসা-সংক্রান্ত নানা জটিলতার কারণে প্রবাসী বাংলাদেশিরা যখন দেশে ফেরা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন, ঠিক তখনই একটি স্বস্তির খবর নিয়ে এল ইউএস-বাংলা এয়ারলাইনস। বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীদের দেশে ফিরে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্যাপনের পথ সহজ করতে শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে দেশীয় এই উড়োজাহাজ সংস্থা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ মার্চ থেকে শারজাহ এবং ১৪ মার্চ থেকে আবুধাবি রুটে তাদের এই নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে।
ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৩ মার্চ থেকে সপ্তাহে চার দিন অর্থাৎ শুক্র, রবি, মঙ্গল ও বুধবার ঢাকা থেকে শারজাহ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। নির্ধারিত এই দিনগুলোতে ঢাকা থেকে শারজাহগামী ফ্লাইট রাত ৮টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে। অন্যদিকে শারজাহ থেকে ঢাকার উদ্দেশে ফিরতি ফ্লাইটটি ওই দেশের স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে উড্ডয়ন করবে।
পাশাপাশি আগামী ১৪ মার্চ থেকে সপ্তাহে তিন দিন অর্থাৎ শনি, সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে আবুধাবি রুটে ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা থেকে আবুধাবিগামী ফ্লাইট শনি ও বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে সরাসরি ছেড়ে যাবে। তবে সোমবারের ফ্লাইটটি বিকেল ৩টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশে যাত্রা করবে। এ ছাড়া প্রতি সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশে একটি সরাসরি ফ্লাইটও পরিচালিত হবে। আবুধাবি থেকে ঢাকার উদ্দেশে ফিরতি ফ্লাইট ওই দেশের স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে আসবে।
আরও
শারজাহ ও আবুধাবি রুটের এই ফ্লাইটগুলো মূলত বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হবে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে ৪৩৬ আসনের তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০ এবং ১৮৯ আসনের ৯টি বোয়িং ৭৩৭-৮০০ রয়েছে। প্রসঙ্গত, ঢাকা থেকে দুবাই রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনার পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্য জেদ্দা, রিয়াদ ও মাস্কাট রুটেও ইউএস-বাংলার নিয়মিত ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। খুব শিগগিরই ঢাকা থেকে দোহা রুটেও পুনরায় ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে এয়ারলাইনসটি।










