চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। মাদ্রাসাপড়ুয়া ওই শিক্ষার্থী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। ন্যাক্কারজনক এই ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তির বসতঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বাসিন্দা ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজের মেয়ের ওপর যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন। ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। সম্প্রতি শারীরিক পরিবর্তন দেখে মেয়েটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, সে চার মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি পরিবারে জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। লোকলজ্জার ভয়ে সপ্তাহখানেক আগে মেয়েকে গর্ভপাত করানোর উদ্দেশ্যে পাশের উপজেলায় নানাবাড়িতে নিয়ে যান মা।
খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি জানতে পেরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পরিবারকে চাপ দেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে মঙ্গলবার বিকেলে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে তালা ঝুলিয়ে দেয়।
আরও
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীর বাড়িতে গিয়েছিল। কিন্তু ঘর তালাবদ্ধ থাকায় এবং নানাবাড়িতে খোঁজ নিয়েও ভুক্তভোগী বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।












