বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফা। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি বিশেষ শোকবার্তা পাঠিয়েছেন।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন রশিদ আল জায়ানি টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আলাপকালে রাজার এই বার্তাটি পৌঁছে দেন। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে ওই প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং বাহরাইন সরকারের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করেন।

আরও
রাজার উদ্ধৃতি দিয়ে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন যে, তাঁর দেশ সেখানে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিকের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে প্রয়োজনীয় জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সংকটময় এই সময়ে দায়িত্বশীল ভূমিকা রাখা এবং প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাহরাইন সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এর আগে সোমবার বিকেলেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলাপ হয়েছিল, যেখানে বাহরাইনের সার্বিক পরিস্থিতি ও প্রবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে জনবহুল এলাকায় মিসাইলের ধ্বংসাবশেষ পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। তবে উচ্চপর্যায় থেকে নিরাপত্তার আশ্বাস পাওয়ায় প্রবাসীদের মধ্যে বিরাজমান আতঙ্ক কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
নিহত বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানো এবং তাঁর পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার বিষয়েও বাহরাইন সরকার প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে এ বিষয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করছে।











