সর্বশেষ

খুব শিগগিরই প্রবাসী কার্ড চালু করা হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

Web Image9 20260301City ads Investment (1)

নির্বাচনী ইশতেহার অনুযায়ী খুব শিগগির ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় তিনি স্পেনে অবস্থানরত প্রায় ২৫ হাজার নথিপত্রহীন (আন-ডকুমেন্টেড) বাংলাদেশিকে বৈধ করার বিষয়েও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। মন্ত্রী জানান, প্রবাসীকল্যাণ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বন্ধ থাকা শ্রমবাজারগুলো পুনরায় চালুর বিষয়েও সরকার কাজ করছে বলে জানান আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সৌদি আরব ও মালয়েশিয়াসহ যেসব দেশে শ্রমবাজার বন্ধ রয়েছে, তা কীভাবে পুনরায় চালু করা যায়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একটি স্থায়ী কমিটি (স্ট্যান্ডিং কমিটি) গঠন করা হয়েছে, যেখানে শিক্ষা মন্ত্রণালয়কেও যুক্ত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যেই বন্ধ শ্রমবাজার চালুর বিষয়ে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

পরে এদিন বিকেলে নিজ নির্বাচনী এলাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রবাসীকল্যাণমন্ত্রী। সেখানে তিনি অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে কাউকে জড়িত দেখা গেলে তাৎক্ষণিক আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী জোর দিয়ে বলেন, নির্বাচনের সময় জনগণকে দেওয়া তাঁর প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

গোয়াইনঘাটের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে আরিফুল হক চৌধুরী জানান, আগামী মার্চ থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজ শুরু হবে। চিকিৎসাসেবার মান বাড়াতে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম দ্রুত চালু করাসহ সেখানে নিয়মিত চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা হবে। এ ছাড়া খাল খনন, উপজেলা পরিষদের পুকুরের চারপাশে সীমানাদেয়াল (গাইড ওয়াল) এবং শহরের আদলে হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণের কাজও দ্রুত শুরু হবে বলে তিনি জানান। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup