বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসী কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে বিনামূল্যে পৌঁছে দেওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি নতুন ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে এই সেবায় তিনটি গাড়ি নিয়োজিত আছে এবং আজ আরও দুটি যুক্ত হওয়ায় প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে স্বজনদের কাছে পৌঁছানো সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নুরুল হক আরও জানান, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে তাঁর মন্ত্রণালয় থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন থেকে মরদেহ দেশে আসা মাত্রই তাৎক্ষণিক খরচ হিসেবে ৩০ থেকে ৩৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিয়ম অনুযায়ী প্রবাসে গিয়ে কেউ মারা গেলে তাঁর পরিবারকে ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন। সরকারের এই পদক্ষেপগুলো প্রবাসীদের কল্যাণে এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।












