অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে টানা ১৮ মাস সফলভাবে দায়িত্ব পালনের পর নিজের পুরোনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত নিজ কার্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান দীর্ঘদিনের সহকর্মীরা। ড. ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে জানানো হয়, সকালে মিরপুরের টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছানোর পর সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। গ্রামীণ পরিবারের বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ কর্মকর্তা, ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং উপদেষ্টারা তাঁকে বরণ করে নেন। দীর্ঘ বিরতির পর পুরোনো কর্মস্থলে ফিরে ড. ইউনূস সেখানে উপস্থিত সহকর্মীদের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন এবং কুশল বিনিময় করেন।
আরও


ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশের এক ক্রান্তিলগ্নে ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর দেড় বছর রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালন শেষে সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নবনির্বাচিত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।
রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করলেও ২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই অবস্থান করছেন। তবে সরকারি প্রোটোকল ও আনুষ্ঠানিকতা শেষে চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের শুরুতেই তিনি যমুনা ছেড়ে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে ফিরে যাবেন বলে জানা গেছে।









