বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টার দিকে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত থেকে বৈঠকে অংশ নেন।
এর আগে দাপ্তরিক কাজ পরিচালনার উদ্দেশ্যে আজ সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে তিনি সেখানে উপস্থিত হলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।












