লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিলের মাত্র পাঁচ টাকার হিসাব নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন। তিনি একজন দুবাইপ্রবাসী ছিলেন। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই বড় ভাইয়ের নাম খোরশেদ আলম।
নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, তুচ্ছ এই লেনদেন নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। এর জেরে শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে গেলে খোরশেদ আলমসহ কয়েকজন মিলে আলমগীর হোসেনের ওপর অতর্কিত হামলা চালান। তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় আলমগীরকে ঘটনাস্থলে ফেলে রেখে অভিযুক্ত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে দুবাইয়ে কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছিলেন। তাঁর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী সাবিনা ইয়াসমিন ও শ্বশুর আবু সায়েদসহ স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। তুচ্ছ ঘটনার জেরে আপন ভাইয়ের হাতে ভাইয়ের এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যেও চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তাঁরা অবিলম্বে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত খোরশেদ আলম পলাতক থাকায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ বিষয়ে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।












