দীর্ঘ প্রায় দেড় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না মৌলভীবাজারের বড়লেখা পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেনের। বিদেশে পাড়ি জমানোর সময় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এই নেতা ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলী হোসেন বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলীর ছেলে। ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বড়লেখায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই ঘটনায় ছাত্র সমন্বয়ক আবু হাসান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে আলী হোসেনকে এজাহারনামীয় আসামি করা হয়। মামলা হওয়ার পর থেকেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান এবং দীর্ঘ সময় দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

আরও
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আলী হোসেন দীর্ঘদিন ধরে পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন। অবশেষে তিনি দেশ ত্যাগের চেষ্টা করলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন। তাকে ঢাকা থেকে বড়লেখায় নিয়ে আসার জন্য ইতিমধ্যে থানা থেকে পুলিশের একটি বিশেষ দল পাঠানো হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির অনেক নেতাই আত্মগোপনে চলে যান, যাদের অনেকেই এখন বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন। আলী হোসেনের গ্রেপ্তার সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে।










