সৌদি আরব থেকে ফেরত আসা এক নারীর পরিবারের সন্ধান মিলছে না। গত সাত দিন ধরে তাঁর স্বজনদের খোঁজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। বর্তমানে তিনি ঢাকার আশকোনায় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে রয়েছেন।
ব্র্যাক জানায়, গত ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৪৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই নারী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তখন তাঁর শারীরিক ও মানসিক অবস্থা ছিল অসংলগ্ন। তিনি নিজের বাড়ির ঠিকানা কিংবা পরিবারের ফোন নম্বর মনে করতে পারছিলেন না। অসংলগ্নভাবে ঘোরাফেরা করতে দেখে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি এভসেকের সদস্যরা তাঁর সঙ্গে কথা বলেন। পরে মানসিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাঁকে নিরাপদ আবাসন ও পরিবারের সন্ধানের জন্য ব্র্যাকের কাছে হস্তান্তর করা হয়।

আরও
ব্র্যাকের সহযোগী পরিচালক মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম শরিফুল হাসান বলেন, গত সাত দিন ধরে ওই নারী আমাদের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে আছেন। মনোসামাজিক কাউন্সেলর ও প্রশিক্ষিত কর্মীরা তাঁর সঙ্গে নিয়মিত কথা বলার চেষ্টা করছেন। কিন্তু তিনি নিজের সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না। তাঁর কাছে কোনো পাসপোর্ট, পরিচয়পত্র বা ব্যক্তিগত নথিপত্র পাওয়া যায়নি। শুধু বিমানের একটি টিকিট পাওয়া গেছে। সেখানে প্রাথমিক পরিচয় হিসেবে রিজিয়া বেগম এবং পিতা বা স্বামী আব্দুর নুর—এই তথ্য উল্লেখ আছে। ধারণা করা হচ্ছে, তিনি জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সেইফ হোম থেকে দেশে ফিরেছেন। তবে তিনি নিজেকে মুসলিম ও সৌদি—এই দুটি শব্দ ছাড়া আর কিছু বলতে পারছেন না।
এই নারীর পরিবারের সন্ধান পেতে গণমাধ্যমসহ সবার সহযোগিতা চেয়েছে ব্র্যাক। কেউ তাঁর পরিচয় বা পরিবারের তথ্য জানলে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক আল আমিন নয়নের নম্বর ০১৭১২-১৯৭৮৫৪–এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।









