ভারতীয় ভিসা প্রসেসিং ও অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে এই নতুন ‘অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে পরের দিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের দিন সন্ধ্যা ৬টায় অনলাইনে উন্মুক্ত করা হবে। তবে স্লট পেতে হলে বিকেল সাড়ে ৫টার মধ্যে আবেদনকারীকে সাইন-আপ ও প্রয়োজনীয় নথিপত্র আপলোডের কাজ সম্পন্ন করতে হবে।

আইভ্যাকের নতুন নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টায় সাইন-আপ প্রক্রিয়া শুরু হয়েছে এবং সন্ধ্যা ৬টায় আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) ও পরবর্তী তারিখগুলোর স্লট বুকিংয়ের জন্য খুলে দেওয়া হবে। নতুন এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং জাল অ্যাপয়েন্টমেন্ট ঠেকাতে কঠোর ভেরিফিকেশন বা যাচাইকরণ ব্যবস্থা রাখা হয়েছে।
আরও
ধাপে ধাপে অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রক্রিয়া: নতুন সিস্টেমে ভিসার আবেদনপত্রে (Web File) ব্যবহৃত ইমেইল অ্যাড্রেস দিয়েই সাইন-আপ করতে হবে। প্রক্রিয়াটি সম্পন্ন করতে ইমেইল ও মোবাইল নম্বরে পাঠানো আলাদা ওটিপি (OTP) দিয়ে ভেরিফিকেশন করা বাধ্যতামূলক। এরপর ব্যক্তিগত তথ্য দিয়ে সাইন-আপ সম্পন্ন করে বিকেল সাড়ে ৫টার মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। আইভ্যাক সতর্ক করে জানিয়েছে, সাড়ে ৫টার মধ্যে এই প্রক্রিয়া শেষ না করলে সন্ধ্যা ৬টায় স্লট বুকিংয়ে অংশ নেওয়া যাবে না।
স্লট বুকিংয়ের সময় (সন্ধ্যা ৬টায়) আবেদনকারীকে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে। লগ-ইনের পর মোবাইলে আসা ওটিপি দিলেই অ্যাপয়েন্টমেন্টের পেজ চালু হবে এবং স্বয়ংক্রিয়ভাবে একটি স্লট দেখাবে। প্রয়োজনে একবার স্লট পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। স্লট নিশ্চিত হওয়ার পর ভিসার ফি পেমেন্ট করে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
আইভ্যাক সকল আবেদনকারীকে ভুয়া অ্যাপয়েন্টমেন্ট স্লট থেকে সতর্ক থাকার এবং অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানিয়েছে।












