চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন অবস্থায় ইসমে আজম খান ওরফে সোহাগ (৩৬) নামে এক আসামি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে টয়লেটে যাওয়ার কথা বলে তিনি তিন পুলিশ সদস্যের নজরদারি এড়িয়ে হাসপাতাল থেকে সটকে পড়েন। পলাতক সোহাগ চাঁদপুর শহরের বাসিন্দা।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদরাসা রোড এলাকা থেকে স্থানীয়রা চোর সন্দেহে সোহাগকে আটক করে গণপিটুনি দেয়। পরে ৯৯৯ নম্বরে খবর পেয়ে এসআই স্বপন নন্দীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং আটক করে।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় চুরির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পুলিশি পাহারা বসানো হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আরও
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ জানান, সিডিএমএস পর্যালোচনায় পলাতক আসামির বিরুদ্ধে একই থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, আসামিকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষাপট ও পাহারায় দায়িত্বে থাকা সদস্যদের কার্যক্রমও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।











