কুষ্টিয়ার হাটশ হরিপুর ইউনিয়নে এক বিধবা নারীর বাড়ি থেকে ‘আপত্তিকর পরিস্থিতিতে’ মামুন অর রশিদ নামে এক জামায়াত নেতাকে স্থানীয়রা আটক করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকাবাসী, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ওই নারীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন করা হয়। ঘটনাটি মঙ্গলবার রাতে ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
অভিযোগে বলা হয়েছে, আটক ব্যক্তি হাটশ হরিপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি এবং ‘দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল’-এর সহকারী শিক্ষক। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই তার ওই নারীর বাড়িতে যাতায়াত ছিল। মঙ্গলবার রাতে বাড়িতে প্রবেশের পর সন্দেহ হলে এলাকাবাসী সেখানে গিয়ে তাকে আটক করে।
ঘটনার পর উভয়কে অবরুদ্ধ করে স্থানীয়রা ‘বিচার’ দাবি করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলেন বলে জানা গেছে।
আরও
পরবর্তীতে উত্তেজনা প্রশমনে স্থানীয়দের উপস্থিতিতে রাতেই ২৫ লাখ টাকা দেনমোহরে বিয়ের আয়োজন করা হয়। বিয়ের পরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের নিরাপদে সরিয়ে নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মোস্তাক হোসেন মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। ঘটনার বিস্তারিত সম্পর্কে প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।












