টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালু হয়েছে। এই সিস্টেম কার্যকর হওয়ার ফলে নিবন্ধনহীন ও আনঅফিশিয়াল মোবাইল ফোন দেশের নেটওয়ার্কে আর ব্যবহার করা যাবে না।
তবে বিদেশ থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা বা উপহার হিসেবে পাওয়া একটি মোবাইল ফোন প্রাথমিকভাবে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে ফোনটি নিবন্ধন করা বাধ্যতামূলক।
বিটিআরসি জানিয়েছে, প্রাথমিকভাবে সচল হওয়ার পর ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য অনলাইনে জমা দিতে গ্রাহককে এসএমএসের মাধ্যমে নির্দেশনা দেওয়া হবে। গ্রাহকের দাখিল করা তথ্য যাচাই-বাছাই শেষে শুধু বৈধ হ্যান্ডসেটই নেটওয়ার্কে স্থায়ীভাবে সচল থাকবে।
আরও
যেভাবে নিবন্ধন করবেন—
ধাপ ১: গ্রাহককে প্রথমে এনইআইআর পোর্টাল (neir.btrc.gov.bd) ভিজিট করে প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে।
ধাপ ২ : লগইন করার পর পোর্টালের Special Registration সেকশনে গিয়ে মোবাইল ফোনের আইএমইআই নম্বর প্রদান করতে হবে।
ধাপ ৩ : পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন স্ট্যাম্প, বিদেশ থেকে ফোন কেনার রসিদসহ প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি বা স্ক্যান কপি আপলোড করে সাবমিট করতে হবে।
ধাপ ৪: যাচাই শেষে হ্যান্ডসেটটি বৈধ প্রমাণিত হলে তা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। আর বৈধ না হলে এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানিয়ে ফোনটি মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।
যেসব কাগজপত্র লাগবে—
পাসপোর্ট, ভিসা, প্রবেশ স্ট্যাম্প, বিদেশি ক্রয়ের চালান এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য সহায়ক পরিচয়পত্র।
আবেদনের কারণভেদে নথিপত্রের তালিকায় পরিবর্তন হতে পারে।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর এনইআইআর সিস্টেম চালুর ঘোষণা দেয় বিটিআরসি। তবে মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সে সময় সিদ্ধান্ত স্থগিত রেখে পরবর্তীতে ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে সিস্টেমটি চালু করা হয়।











