বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনের সময় এক বাংলাদেশি নারী হজযাত্রীর সন্তান প্রসবের ঘটনাকে সৌদি আরবের নিয়ম-নীতির গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ঘটনাটি সৌদি আরবের হজ ব্যবস্থাপনায় নির্ধারিত স্বাস্থ্য ও নিরাপত্তা বিধির সুস্পষ্ট পরিপন্থী।
প্রেস সচিব জানান, বাংলাদেশ থেকে প্রতি বছর হজ পালন করতে যাওয়া যাত্রীদের মধ্যে মাত্র ৬ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব যান, আর বাকি প্রায় ৯৪ শতাংশ যান বেসরকারি ব্যবস্থাপনায়। এই বিপুল সংখ্যক বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীদের ক্ষেত্রে সৌদি সরকারের নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না বলেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।
আরও
তিনি আরও বলেন, অনেক হজ এজেন্সি সৌদি আরবের কঠোর নিয়ম-নীতির বিষয়টি হজযাত্রীদের সঠিকভাবে বোঝায় না। একই সঙ্গে কিছু হজযাত্রী নিজেরাও এসব নিয়ম মানতে আগ্রহী হন না, যা দুই দেশের সম্পর্ক ও ভবিষ্যৎ হজ ব্যবস্থাপনায় জটিলতা তৈরি করতে পারে।
শফিকুল আলম জানান, সৌদি আরবের হজসংক্রান্ত নিয়ম-নীতি কঠোরভাবে প্রতিপালনের বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকেও আলোচনা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বেসরকারি হজ ব্যবস্থাপনায় আরও কঠোর নজরদারি ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।











