চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ আমদানি–নিয়ন্ত্রিত সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার রাত পৌনে ১০টার দিকে কাস্টমস কর্মকর্তারা মোট ১ হাজার ৩৪০ কার্টন সিগারেট আটক করেন। বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।
কাস্টমস সূত্র জানায়, দুবাই থেকে আগত যাত্রী মিনহাজুল করিমের ব্যাগেজ থেকে ২০০ কার্টন এবং মিনহাজুল ইসলামের ব্যাগেজ থেকে ৩৫০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। পাশাপাশি টার্মিনাল এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও ৬৯০ কার্টন সিগারেট পাওয়া যায়। মোট কার্টনগুলোতে রয়েছে ২ লাখ ৪৮ হাজার শলাকা সিগারেট, যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
কাস্টমস কর্মকর্তারা জানান, ব্যাগেজ রুল অনুযায়ী একজন যাত্রী মাত্র এক কার্টন সিগারেট শুল্ক–মুক্তভাবে আনতে পারেন। এর বেশি আনা নিষিদ্ধ। একই সঙ্গে আমদানিনীতি আদেশ অনুযায়ী, বিদেশি সিগারেট দেশে আনতে হলে প্যাকেটের গায়ে বাংলায় ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ সতর্কবার্তা বাধ্যতামূলক—যা এই চালানে ছিল না।
আরও
জব্দ করা সিগারেটগুলো চট্টগ্রাম কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান, আমদানিনীতি লঙ্ঘন ও শুল্ক ফাঁকি চেষ্টার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।











