হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৯৬৯ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম মো. নবী হোসেন (৪৫)। তিনি কক্সবাজারের টেকনাফ এলাকার বাসিন্দা।
রোববার দুপুরে নভোএয়ারের ভিকিউ-৯২২ ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় পৌঁছানোর পর অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিং এলাকার সামনে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। সন্দেহের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শেষে জানা যায়, তিনি পায়ুপথে ইয়াবা বহন করছিলেন।
পরে তাকে এপিবিএনের কার্যালয়ে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় তার দেহে তিনটি ডিম্বাকৃতির বস্তু শনাক্ত হয়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রাকৃতিক প্রক্রিয়ায় সেগুলো বের করে আনা হয়। তিনটি পোটলা খুলে মোট ৯৬৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও
এপিবিএন জানিয়েছে, নবী হোসেন দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে তথ্য মিলেছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, বিমানবন্দরকে কেন্দ্র করে মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে নজরদারি ও অভিযান পরিচালিত হচ্ছে।











