ঢাকায় অবস্থিত মিসর দূতাবাস ভিসা আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে অনুমোদিত সব ট্রাভেল এজেন্সির জন্য নতুন ই-মেইল–ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করেছে। রবিবার (১৪ ডিসেম্বর) দূতাবাসের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। নতুন এই প্রক্রিয়ায় ভিসা গ্রহণ প্রক্রিয়া আরও শৃঙ্খলাবদ্ধ ও নিয়মানুগ হবে বলে আশা করা হচ্ছে।
দূতাবাস জানায়, ভিসা জমা দেওয়ার জন্য ট্রাভেল এজেন্সিগুলোকে তাদের এজেন্সির নাম, জমা দিতে চাওয়া আবেদন বা পাসপোর্টের সংখ্যা এবং পছন্দের দিন—রবিবার, মঙ্গলবার বা বৃহস্পতিবার—উল্লেখ করে visa.consular.egyembdha@gmail.com ঠিকানায় আবেদন পাঠাতে হবে। নির্ধারিত দিনে প্রতি অ্যাপয়েন্টমেন্টে সর্বোচ্চ পাঁচটি পাসপোর্ট গ্রহণ করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র নিশ্চিত অ্যাপয়েন্টমেন্টপ্রাপ্ত এজেন্সিগুলো দূতাবাস প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে। এ জন্য প্রতিনিধিকে অবশ্যই অফিসিয়াল পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। দূতাবাস বলেছে, ভিসা সেবায় স্বচ্ছতা, নিরাপত্তা এবং সময় ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
আরও
এ সিদ্ধান্তে ভিসা আবেদন প্রক্রিয়ায় ভিড় কমবে এবং কাজের গতি বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। দূতাবাস জানিয়েছে, ধাপে ধাপে সেবাগুলো আরও স্বয়ংক্রিয় ও ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে।










