কুমিল্লার হোমনায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিশাদ (২৬) নামে এক সৌদি প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার মোটরসাইকেলে থাকা বন্ধু ইফাত (১৫) গুরুতর আহত হয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ওয়াইব্রিজ এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে।
নিহত নিশাদ রামকৃষ্ণপুর বাঁশগাড়ি গ্রামের মমিন মেম্বারের ছেলে। আহত ইফাত বাঞ্ছারামপুর উপজেলার ঝুনারচর গ্রামের মো. জিলানীর ছেলে। তাকে মাথা ও হাতে গুরুতর আঘাত নিয়ে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে বন্ধু ইফাতকে নিয়ে মোটরসাইকেলে করে ওয়াইব্রিজ এলাকায় ঘুরতে বের হন নিশাদ। ব্রিজের ওপর উঠতেই বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিশাদ গুরুতর আহত হন এবং তার মাথায় মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও
হাসপাতালের আরএমও ডা. মো. শহীদুল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত নিশাদ সম্প্রতি সৌদি আরব থেকে ছুটিতে এসে ছুটির মেয়াদ বাড়িয়েছিলেন বলে জানিয়েছে পরিবার।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।












