সিলেটের একাধিক তরুণ–তরুণীকে লন্ডনে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বামী–স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে যশোর কোতোয়ালি থানার সেক্টর–৭-এর একটি বাসা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন—ঢাকার কদমতলী এলাকার মো. নাজিম উদ্দিন আদিল (৩৫) ও তার স্ত্রী ফারজানা শারমীন সোমা (৩৭)।
পুলিশ জানায়, দম্পতি সিলেটের জিন্দাবাজারস্থ এলিগ্যান্ট মার্কেটে ‘এসআই ইন্টারন্যাশনাল’ নামের একটি ট্রাভেলস পরিচালনা করতেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে যুক্তরাজ্যের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দিয়ে তারা বিভিন্ন শিক্ষিত তরুণ–তরুণীর কাছ থেকে ১৫ লাখ থেকে ২২ লাখ টাকা পর্যন্ত নেন। ভিসা সম্পন্ন হওয়ার দাবি করে ভুয়া নথি দেখিয়ে টাকা আদায় করা হতো। কিন্তু পরে দেখা যায়, এসব ভিসা জাল এবং প্রতারণার উদ্দেশ্যে তৈরি।
অভিযোগকারীরা জানান, প্রতারক দম্পতির প্রচারণায় আকৃষ্ট হয়ে অনেকেই নিজেদের সঞ্চয়, স্বর্ণালংকার এমনকি জায়গা–জমি বিক্রি করে টাকা দেন। ভিসার সত্যতা যাচাই করতে গিয়ে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়। এরপর ট্রাভেলস অফিস বন্ধ করে দম্পতি গা-ঢাকা দেন এবং মোবাইল ফোন বন্ধ করে রাখেন। চরম হতাশায় ভুক্তভোগীরা কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
আরও
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুকিত মিয়া জানান, প্রাথমিকভাবে ৭–৮ জন অভিযোগকারী মোট ১ কোটি ২৬ লাখ টাকার প্রতারণার শিকার হয়েছেন। আরও অনেক ভুক্তভোগী রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তের ধারাবাহিকতায় শনিবার রাতে যশোর থেকে দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মাঈনুল জাকির বলেন, গ্রেপ্তার নাজিম ও সোমাকে সিলেটে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রতারণা চক্রে আর কেউ জড়িত আছে কি না—তা যাচাই করতে তদন্ত চলছে।











