পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে। বুধবার ফরেন সার্ভিসেস অ্যাকাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। বৃহস্পতিবার জিও নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।
হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও সরাসরি আকাশপথ চালুর বিষয়ে কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচিতে সপ্তাহে তিনটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। এতে দুই দেশের বাণিজ্য, যোগাযোগ এবং প্রবাসীদের যাতায়াত আরও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভারতীয় আকাশসীমা ব্যবহারের বিষয়ে প্রশ্ন করলে ইকবাল হুসাইন খান জানান, যেমন ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশ আকাশসীমা ব্যবহার করে, তেমনি বিমানও ভারতের আকাশপথ ব্যবহার করে পাকিস্তানে যেতে পারবে। তবে সূত্র জানিয়েছে, ভারতের চলমান আকাশসীমা সীমাবদ্ধতার কারণে পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর জন্য ঢাকা–পাকিস্তান রুটে ফ্লাইট চালুর সম্ভাবনা আপাতত নেই।
আরও
সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার আগে হাইকমিশনার প্রশিক্ষণরত তরুণ কূটনীতিকদের উদ্দেশে বক্তব্য দেন। এসময় তিনি আঞ্চলিক সংযোগ, বাণিজ্য, রাজনৈতিক বাধা এবং দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন যে, সীমিত প্রবেশাধিকার, সীমান্তবাধা এবং আঞ্চলিক রাজনীতিই এই অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতিকে সবচেয়ে বেশি ব্যাহত করছে।
ইকবাল হুসাইন খান বলেন, বাংলাদেশ–পাকিস্তান দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানো সম্ভব হলেও সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকাই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। অতীতের উদাহরণ টেনে তিনি জানান, আগে রেল যোগাযোগ থাকায় বাণিজ্য সহজ ছিল; এখন পাকিস্তানের খেজুরকেও আঞ্চলিক বাজারে পৌঁছাতে দুবাই হয়ে আসতে হয়। দক্ষিণ এশিয়ার নতুন প্রজন্ম আরও সচেতন ও উচ্চাকাঙ্ক্ষী বলে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে আঞ্চলিক সংযোগ বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে এবং পুরোনো বাধাগুলো কাটিয়ে উঠা সম্ভব হবে।ভ











