সর্বশেষ

প্রবাসীদের ন্যায্য ভাড়া নিশ্চিতের আহ্বান বিমান উপদেষ্টার

Biman advisor calls for ensuring fair fares for expatriatesCity ads Investment (1)

প্রবাসী শ্রমিকদের সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করতে লো-কস্ট ক্যারিয়ারসহ সব বিমান সংস্থাকে ন্যায্য ও গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের বাজেট এয়ারলাইন ফ্লাইএডিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, বাজেট এয়ারলাইন্সগুলো সাধারণত কম ভাড়ার কথা বললেও সিট নির্বাচন, খাবার, লাগেজ ও অন্যান্য সেবার জন্য অতিরিক্ত চার্জের কারণে শেষ পর্যন্ত যাত্রীদের মোট ব্যয় বৃদ্ধি পায়। এর সবচেয়ে বড় ভুক্তভোগী হন প্রবাসী শ্রমিকরা, যারা সীমিত উপার্জনের মধ্যেই দেশে রেমিট্যান্স পাঠান। তাই তাদের যাতায়াত খরচ যৌক্তিক রাখা বিমান সংস্থাগুলোর নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ফ্লাইএডিল বুধবার থেকে ঢাকা–জেদ্দা রুটে নিয়মিত সরাসরি ফ্লাইট শুরু করছে। প্রাথমিকভাবে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালিত হবে। জেদ্দা থেকে এফ–৩ ৯১১২ ফ্লাইট স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে, আর এফ–৩ ৯১১৩ ফ্লাইট দুপুর ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে রওনা দেবে।

মধ্যপ্রাচ্যের দ্রুতবর্ধনশীল লো-কস্ট এয়ারলাইনগুলোর একটি ফ্লাইএডিল, যা সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদি আরাবিয়ান এয়ারলাইন্সের সহকারী প্রতিষ্ঠান। স্বল্প খরচের টিকিটের পাশাপাশি বিনামূল্যে খাবার ও লাগেজ সেবার কারণে প্রতিষ্ঠানটি যাত্রীদের কাছে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। নতুন ফ্লাইট চালু হওয়ায় ঢাকা–জেদ্দা রুটে প্রতিযোগিতা বাড়বে, যা প্রবাসীদের জন্য আরও সাশ্রয়ী ভাড়া নিশ্চিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, ফ্লাইএডিলের প্রধান নির্বাহী স্টিভেন গ্রিনওয়ে এবং বাংলাদেশে এয়ারলাইন্সটির গ্লোবাল সেলস এজেন্ট এভিয়েন্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান জাহান উপস্থিত ছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup