কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের বড় সাপমারা গ্রামের পূর্ব–দক্ষিণ টেকপাড়ায় সৌদি প্রবাসী আব্দুল জলিলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে প্রায় ২টার দিকে ডাকাতদল ঘরের দরজা ভেঙে অভ্যন্তরে প্রবেশ করে পুরো পরিবারকে জিম্মি করে লুটপাট চালায়।
এলাকাবাসী জানায়, আব্দুল জলিল ও তাঁর ছেলে ফাহাদ দুজনই সৌদি প্রবাসী। সম্প্রতি ছুটি কাটাতে দেশে ফেরেন ফাহাদ। ঘটনার রাতে ডাকাতদল ঘরের দরজা ভেঙে কোনো শব্দ বুঝতে না দিয়ে ভেতরে ঢোকে। পরে পরিবারের সদস্যরা জেগে উঠলে তাদের হাত-পা বেঁধে ফেলে এবং ফাহাদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এরপর পরপর দুটি টিনসেড ঘর তছনছ করে ডাকাতরা।
ডাকাতদল নগদ ১০ হাজার টাকা, প্রায় ৫,৫০০ সৌদি রিয়াল, তিনটি মোবাইল ফোন, চার ভরি স্বর্ণালংকার এবং সাড়ে পাঁচ ভরি রুপা লুট করে নেয়। পরিবারের হিসাব অনুযায়ী, লুট হওয়া সম্পদের আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা।
আরও
ফাহাদ জানান, “চার-পাঁচজন মুখোশধারী ব্যক্তি শটপ্যান্ট ও গেঞ্জি পরে ঘরে ঢুকে। প্রথমে আমাকে বেঁধে ফেলে, তারপর পাশের ঘরে গিয়ে লুটপাট চালায়। আমরা থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
মেঘনা থানার ওসি আব্দুল জলিল বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”










