সর্বশেষ

সিঙ্গাপুর থেকে দেশে ফিরল প্রবাসী কদমের লাশ

Body of expatriate Kadam returned home from SingaporeProbashir city Popup 19 03

সিঙ্গাপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মৃত্যুর ছয় দিন পর দেশে ফিরেছেন প্রবাসী রিয়াজুল ইসলাম কদমের (৫০) লাশ। বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে তার জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়ার মৃত ইউসুফ আলী শেখের ছেলে কদম দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে সিঙ্গাপুরে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, রিয়াজুল কদম সিঙ্গাপুরের তেভান স্টেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির এলটিএ প্রকল্পে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ১৩ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হঠাৎ এই মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার। স্ত্রী রমিছা খাতুন রিনা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একমাত্র মেয়ে হৃদি ইসলামকে রেখে গেছেন তিনি। মাত্র ৪০ দিন আগে মারা যান রিয়াজুলের মেজ ভাই হারুন শেখ। কাছাকাছি সময়ে দুই ভাইকে হারিয়ে পরিবার ও আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বড় ভাই মান্নান শেখ জানান, মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে সিঙ্গাপুর থেকে রিয়াজুল কদমের লাশ দেশে পৌঁছায়। তার আগে সিঙ্গাপুরেই প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দেশে এসে সকাল ১০টায় বাড়িতে এবং বেলা ১১টায় দৌলতদিয়া খানকা পাক দরবার শরীফে দ্বিতীয় জানাজা শেষে তাকে খানকা শরীফের কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবার জানায়, প্রবাসী রিয়াজুল কদম ছিলেন পরিবারের প্রধান ভরসা। তার মৃত্যুতে পরিবার এখন অর্থনৈতিক ও মানসিক সংকটে পড়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03